নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার দিনব্যাপী সফরে চাঁদপুর যাচ্ছেন। সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন, সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় তিনি সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন। পথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
দুপুরের পর চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনেও অংশ নেবেন তিনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব খাল পুনঃখনন কার্যক্রম স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সফরের শেষদিকে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। সেখানে দলীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল রাজনীতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

