এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধে আইন চান এমপি ইকবাল

নিজস্ব প্রতিবেদক।।

হাই স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেছেন, হাই স্কুল পর্যন্ত বাচ্চারা যাতে স্কুলে মোবাইল নিয়ে না ঢোকে, সেই আইন করা হোক। গেটে মোবাইল রাখার ব্যবস্থা থাকতে পারে। বাচ্চারা স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে আজেবাজে জিনিস দেখে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে তিনি আরো বলেন, বিগত সরকার শিক্ষাব্যবস্থার যে অবস্থা করে গেছে, তাতে ছাত্র-ছাত্রীরা ইয়েস-নো-ভেরি গুড ছাড়া কিছুই জানে না। আমরা ছোটবেলায় আদর্শলিপি পড়েছি, ‘সবুজ সাথী’ পড়েছি।

সেসবের নীতিকথা এখনকার বাচ্চারা জানে না। টিকমার্ক দিয়ে জিপিএ-৫ করে শিক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সরকারগুলোর কঠোর সমালোচনা করেন এমপি ইকবাল। তিনি বলেন, বিগত সরকারগুলো দেশ লুটপাট করে শেষ করে গেছে।

এখন সরকার যুদ্ধ ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। আমি চাই সংসদে আমরা সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র না হয়ে, সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি। সাদাকে সাদা বলি আর কালোকে কালো বলি। বিরোধিতার জন্য বিরোধিতা না করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

 

শিক্ষাবার্তা /এ/ ২১ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.