নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা পরীক্ষার মধ্য দিয়ে মাসব্যাপী এ পরীক্ষার সূচনা হলো। এবারে প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
পরীক্ষা নকল ও প্রশ্নফাঁসমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলোর পাশাপাশি সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার ফুটেজ কমপক্ষে ৩০ দিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) যুক্ত করে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এবার পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ফয়েল প্যাক ও বিশেষ নিরাপত্তা খাম ব্যবহার করা হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে এ খাম খোলা হবে। প্রশ্নফাঁস প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে এবং একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ২১/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
