এইমাত্র পাওয়া

রাষ্ট্রীয় শোকে পাঁচ পরীক্ষা স্থগিত, পেছাল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন

ঢাকাঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ মোট পাঁচটি নিয়োগ ও একাডেমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’-এর স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সংশোধিত তারিখ শিগগিরই জানানো হবে।

এছাড়া শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্ধারিত নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়। পরীক্ষাটি বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল। ইউজিসি সূত্র জানায়, ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এসব পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) চারটি ক্যাটাগরির নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার অনুষ্ঠিতব্য প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) এবং মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন তারিখ পরে সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটকের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

রাষ্ট্রীয় শোকের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবারের এলএলবি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া শনিবারের নির্ধারিত বিশেষ সিনেট অধিবেশন পরিবর্তন করে রোববার সকাল সাড়ে ১০টায় গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনে আয়োজন করা হবে।

একইসঙ্গে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন শনিবারের পরিবর্তে রোববার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে অনুষ্ঠিতব্য একাধিক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিভিন্ন নিয়োগ ও একাডেমিক পরীক্ষার পাশাপাশি বিএনপি তাদের পূর্বনির্ধারিত দুটি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে। এ ছাড়া রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক ও আনন্দঘন অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading