এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ পরীক্ষার্থী

নিউজ ডেস্ক।। 

কড়াকড়ি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে সারাদেশে ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এদিন কোনো কক্ষ পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। এসব বোর্ডে ৬ জন শিক্ষার্থী অসদুপায়ের দায়ে বহিষ্কৃত হয়।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষায় ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন অংশ নেয়, যার মধ্যে ৩ জন বহিষ্কার হয়েছে।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে ইংরেজি-২ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন, যেখানে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

উল্লেখ্য, ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ২০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হচ্ছে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.