নিউজ ডেস্ক।।
বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কার হওয়া বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দলের একজন যুগ্ম আহ্বায়ক বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিতে পারেন।
এনসিপিতে নতুন নেতাদের যোগদান উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতা ইসহাক সরকার ২ হাজার কর্মী নিয়ে এনসিপিতে যোগ দেবেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন।
গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসহাক সরকার। তিনি বিএনপিতে কোণঠাসা থাকা ও হয়রানির অভিযোগ তুলেছেন।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এনসিপিতে যোগ দেবেন বলে শোনা গিয়েছিল। তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন, এমন কথাও বলা হয়েছিল। সে সময় শুধু আলাপ-আলোচনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ ছিল। তবে এবার ফেরসামিন হক এনসিপির অংশ হতে যাচ্ছেন। তাঁদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে জানা গেছে।
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিও শুক্রবার এনসিপিতে যোগ দেবেন। তবে তাঁকে কোন পর্যায়ের পদ দেওয়া হবে জানা যায়নি।
অন্যদিকে মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দেবেন বলে আলোচনা চলছে। তবে তাঁর যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলের নেতারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
