ঢাকাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জবি প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্বজিৎ চত্বর হয়ে লক্ষ্মীবাজার মোড় ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এ বাংলায় হবে না’ ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে জবি শিবিরের সেক্রেটারি ও জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ ‘বাণী ভবন’ হলকে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ হল নাম করার প্রস্তাব দেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
