এইমাত্র পাওয়া

৪৭তম বিসিএস: এক দিন আগে লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা

ঢাকাঃ ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন ও সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা শুরুর আগের দিন বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, নতুন ও পুরোনো পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি এবং আন্দোলনরতদের ওপর হামলা ও দমন-পীড়নের মধ্য দিয়ে তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি না বদলানোয় বহু শিক্ষার্থী ‘বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই’ বলেও জানান তারা।

‘৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী’ ব্যানারে আয়োজিত সম্মেলনে সাইফ মুরাদ বলেন, তারা গত এক মাস ধরে পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার সমস্যা তুলে ধরলেও সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আন্দোলন চলাকালে ৪০-৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তার ভাষায়, আহত অবস্থায় পরীক্ষায় বসা সম্ভব নয়, অথচ কোনো পক্ষই খোঁজ নেয়নি।

তিনি আরো বলেন, পুরোনো পরীক্ষার্থীরা মাত্র তিন মাস আগে আরেকটি বিসিএস লিখিত পরীক্ষা দিয়ে প্রস্তুত থাকতে পারেন, কিন্তু নতুন পরীক্ষার্থীদের জন্য এত অল্প সময়ে প্রস্তুতি নেওয়া কঠিন এটিই ‘বৈষম্যমূলক পরিস্থিতি’। তাই মানবিক বিবেচনায় সময় পরিবর্তনের দাবি জানিয়েও ব্যর্থ হওয়ায় তারা বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সাইফ মুরাদ জানান, পরীক্ষায় অস্বাভাবিকভাবে কম উপস্থিতি দেখা গেলে পরবর্তী সময়ে পুনরায় পরীক্ষার দাবিতে আন্দোলনে নামতে পারেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading