এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।। 

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুরে নিজস্ব ক্যাম্পাসে ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেনো অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে, এজন্য আমরা আস্তে আস্তে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘সেশনজট যেনো বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব। আমাদের টার্গেট হলো একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১ ডিসেম্বর এর মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।’

এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য ড. হোসাইন আরাবি নুর প্রমুখ।

এর আগে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আইইউটি শিক্ষার্থীদের তৈরি করা গাড়ি ও অনান্য যন্ত্র ঘুরে ঘুরে দেখেন। এরপর বিভিন্ন দেশে প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.