এসএসসি ১০ ও এইচএসসি ১২ বছরে সম্পন্ন করা হবে’

নিউজ ডেস্ক।। 
শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে এবং সেশনজট নিরসনে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সরকার এখন থেকে ১০ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সে অনুযায়ীই নতুন সিলেবাস ও শিক্ষাপঞ্জি সাজানো হবে।

বুধবার (১৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ‘ওয়ান গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আজকেই পরীক্ষা ও সিলেবাস সংক্রান্ত বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসব। আমাদের লক্ষ্য হলো এসএসসি পাস করতে যেন ১০ বছর এবং এইচএসসি পাস করতে যেন ১২ বছরের বেশি সময় না লাগে। কোনোভাবেই যেন শিক্ষার্থীরা সেশনজটে না পড়ে এবং পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’

শিক্ষার প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার প্রাধান্যের তালিকায় প্রথম তিনটি বিষয়ই হলো-শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। একটি জাতির উন্নয়নের মূল ভিত্তিই হলো শিক্ষা, যা ছাড়া উন্নতির শিখরে পৌঁছানো অসম্ভব।’

মন্ত্রী বলেন, ‘বিপুল প্রাকৃতিক সম্পদ থাকলেও অনেক দেশ উন্নত হতে পারেনি, আবার সীমিত সম্পদ নিয়েও শুধু দক্ষ মানবসম্পদের মাধ্যমে অনেকে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমাদের বিশাল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করতে হবে।’

তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.