নিজস্ব প্রতিবেদক।।
গরমের তীব্রতা ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ গ্রীষ্মকালীন অবকাশ শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষার্থীরা এবার টানা দুই থেকে তিন সপ্তাহের বিরতি পেতে যাচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে।
তবে এর আগে ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২১ মে হবে চলতি মাসের শেষ কার্যদিবস। ফলে শিক্ষার্থীরা মূলত ২১ মে’র পর থেকেই ছুটির আমেজে চলে যাবে।
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ শেষে ৭ জুন থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ ১৬ দিনের একটি দীর্ঘ বিরতি পাচ্ছে সাধারণ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটির মেয়াদ আরও বেশি নির্ধারণ করা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ১১ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীরা সব মিলিয়ে প্রায় ২১ দিনের অবকাশ উপভোগ করতে পারবে।প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মের তাপদাহ বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘ অবকাশ রাখা হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, জুনের বিরতি শেষ হলেও পরবর্তী মাসগুলোতে আরও বেশ কিছু সরকারি ও ধর্মীয় ছুটি রয়েছে। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নিয়মিত ছুটি নির্ধারিত আছে।
শিক্ষাবার্তা /এ/১৩ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
