এইমাত্র পাওয়া

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় রাঙ্গামাটি জেলা পরিষদে তালা

রাঙ্গামাটিঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা পরিষদে তালা দিয়েছে চাকরি প্রত্যাশীরা। এসময় জেলা পরিষদ কার্যালয় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

বুধবার (১২ নভেম্বর) বিকেল দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা জেলা পরিষদের অবস্থান করছেন। এর আগে সকাল ৯টা থেকে জেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।

সকাল থেকে প্রধান ফটকে তালা দেওয়ায় জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সকাল থেকে সেবা প্রত্যাশীদের কেউ জেলা পরিষদে ঢুকতে পারেননি। একইভাবে ভেতর থেকে বের হতে পারেননি কেউ।

আন্দোলকারীদের দাবি, বুধবারের মধ্যে জেলা পরিষদকে পরীক্ষার তারিখ স্থগিত ঘোষণা বাতিল করতে হবে এবং পূর্বের ঘোষণা অনুযায়ী পরীক্ষা পরিচালনা করতে হবে।

এই দাবিতে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেয় চাকরি প্রত্যাশীরা। তবে ওই সময় চেয়ারম্যান না থাকায় জেলা পরিষদের সদস্য মীনহাজ মুরশিদের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু পরীক্ষার মাত্র দু’দিন আগে অর্থাৎ ১১ নভেম্বর কোনো যৌক্তিক কারণ ছাড়াই নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার্থীরা মনে করি, এই স্থগিতাদেশ সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। পূর্বেও এই পরীক্ষা দুইবার বিভিন্ন অজুহাতে স্থগিত করা হয়। এতে আমরা মনে করি, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে চাকরি পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এর দায়ভার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এড়াতে পারে না।’

স্মারকলিপি দেওয়া শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ বলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা দেশের বাইরে রয়েছেন। জেলা পরিষদের চেয়ারম্যানও জেলার বাইরে। এছাড়াও শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা করার জন্য যথেষ্ট জনবল দরকার। অনেক শিক্ষক বাইরে আন্দোলনরত থাকায় এ নিয়োগ পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা আসলে বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading