ঢাকাঃ স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।
তাদের দাবি, এমপিওভুক্তির প্রক্রিয়া বিলম্ব না করে দ্রুত কার্যকর করা হোক।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জাতি গঠনে ভূমিকা রাখছি। কিন্তু সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মানবেতর জীবনযাপন করছি, কিন্তু আমাদের কষ্ট কেউ বুঝতে চায় না।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারাদেশে দুই সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যারা সরকারের সব শর্ত পূরণ করেছে। নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষা দিচ্ছে এবং ভালো ফলাফলও করছে। কিন্তু সরকারের কোনো দৃষ্টি নেই। এর আগে আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।
তিনি আরও বলেন, আমরাও দেশের নাগরিক। এক দেশের মধ্যে দুই নীতি চলতে পারে না। এবার আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে। আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি, দাবি আদায় করেই ফিরব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
