ঢাকাঃ দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১১ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফলে এরই মধ্যে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। তবে এবার শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত দুটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাকসু’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিআরটিসি মিরপুর ডিপোর ম্যানেজার অপারেশনস, জাবি পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় জেলা সমিতির সভাপতি-সেক্রেটারি ও জাকসুর নব-নির্বাচিত প্রতিনিধিগণ।
জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, গতকালের সভায় শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় এই পূজা’র ছুটিতে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ বিভাগে জাকসু’র উদ্যোগে বাস সুবিধার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাকি বিভাগগুলোর চাহিদার ব্যাপারে খসড়া করা হয়েছে৷ আশা করি, সামনের ঈদের ছুটিতে বাকি বিভাগগুলোয় পর্যাপ্ত সংখ্যক বাস সার্ভিস দেওয়া সম্ভব হবে।
তানভীর রহমান জানান, ময়মনসিংহের উদ্দেশে বিআরটিসির বাসগুলো শুক্রবার সকাল ৮টা ও সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ছেড়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, জাকসুর এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। বন্ধে সবাই বাসায় যায়। কিন্তু দূরপাল্লার বাসের টিকিট আগে বুকিং থাকায় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে বাস দিলে সকলেই নিরাপদ ও শান্তিতে বাসায় যেতে পারবে।
এক নারী শিক্ষার্থী বলেন, আমরা নিরাপত্তার জন্যই ভার্সিটির বাস ব্যবহার করি। বিভাগীয় শহরে বাস দেওয়ার ফলে সবাই নিরাপদে যেতে পারবে। ভবিষ্যতে সব বিভাগে গাড়ি দেওয়ার চেষ্টা করা দরকার, এতে শুধু একটি বিভাগ নয়, আশেপাশের এলাকার শিক্ষার্থীদেরও সুবিধা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
