নিজস্ব প্রতিবেদক।।
দেশে শিক্ষক সংকট শিগগিরইর কাটছে না। বর্তমানে সারা দেশে ৩৩ হাজারের বেশি বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২টি সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগ দিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৭০০ জনের। ফলে যদি সব প্রার্থীর আবেদন বৈধও হয়, তবুও প্রায় ৪১ হাজার ৩০০ শিক্ষক পদ শূন্য থেকে যাবে। শিক্ষকসংকট কাটাতে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এক থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।
দেশের বেশির ভাগ শিক্ষার্থীই পড়াশোনা করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এনটিআরসিএসের তথ্যমতে, গত ১৬ জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ১ লাখ ৮২২টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ রয়েছে। গত ২২ জুন থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আবেদনের সময় শেষ হয়েছে গত ১০ জুলাই। তবে রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যায়। এ পর্যন্ত ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন ৫৮ হাজার ৭০০ জন। এনটিআরসিএর কর্মকর্তারা জানান, আবেদন কম জমা পড়েছে। তাই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না। ফলে সেসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।
এদিকে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতায় বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এতে অনেক প্রার্থী বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন গ্রুপ আন্দোলনেও নামে। এখনও সেই আন্দোলন চলমান। আবেদনের যোগ্যতার শর্তে বলা হয়, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।
এদিকে খুব দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগ সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ সচিব এ এম রিজওয়ানুল হক। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এনটিআরসিএ নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি: শর্তহীনভাবে নিয়োগ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা।
শিক্ষাবার্তা /এ/১৫/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
