নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামীকাল বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন শিক্ষক-কর্মচারীরা। এদিন বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
এ শিক্ষক নেতা জানান, ‘দীর্ঘ ২১ বছর পর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাত্র ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো। আমরা এটি মানি না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই।’
তিনি আরও বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে আমাদের সব দাবি বাস্তবায়ন করা সম্ভব। তবে কোনো সরকারই শিক্ষকদের দুঃখ, দুর্দশা লাঘবে উদ্যোগ নেয়নি। আমাদের দাবি আদায়ে আগামীকাল বুধবার সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসবেন। এরপর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষকদের দাবি, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। সকল বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রুত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিতে হবে। এছাড়া আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করার দাবিও তাদের।
তারা আরও জানান, দেশের শিক্ষাব্যবস্থার ৫৭% বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয়। শিক্ষাব্যবস্থার বড় দায়িত্ব পালন করে কেন এতো বৈষম্য।
মঙ্গবার আন্দোলনে উপস্থিত এক শিক্ষক বলেন, “সরকারের সকল কর্মকর্তা-কর্মচারী মাসের ১ তারিখে বেতন পেয়ে যান। কিন্তু শিক্ষকরা বেতন পান মাসের অর্ধেক যাওয়ার পর। বিভিন্ন সময় আরও দেরি হয়। কোন মাসের বেতন আসলে কখন হবে, সেটি বলাও যায় না। এছাড়া আমরা সরকারি প্রতিষ্ঠানের মতো পরিশ্রম করি। তবে সুযোগ-সুবিধার বেলায় বঞ্চিত হই। তাই অগ্রাধিকারের ভিত্তিতে সকল ধরনের শিক্ষা জাতীয়করণ চাই।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল