গাজীপুরঃ গাজীপুরে কারিগরি শিক্ষার উন্নয়ন ও বৈষম্য দূরীকরণের দাবিতে ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসের সামনে থেকে মিছিল শুরু হয়ে শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশে রূপ নেয়।
শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে সমাবেশে অংশ নেন এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সাবেক শিক্ষার্থী সিফাত বলেন, ‘এই আন্দোলন বর্তমানে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হলেও দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে।’
ডুয়েট ক্যাম্পাসের সামনে ছয় দাবিতে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো
১। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন করে ২০২১ সালের রাতের আঁধারে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করতে হবে।
২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল করে উন্নত বিশ্বের আদলে মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু ও পর্যায়ক্রমে তা ইংরেজি মাধ্যমে চালুর দাবি।
৩। উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটায় নিয়োগ না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৪। কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদগুলোতে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করে, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের আইনানুগভাবে নিয়োগ দিতে হবে।
৫। ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি।
৬। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত করা।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
