এইমাত্র পাওয়া

নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে এনসিপি নেতার অশালীন আচরণ, দল থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক।। 

বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া এনসিপি নেতা আলী আজম সাব্বির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় আলী আজম সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান।

বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইন্সটাক্টর রাশেদুল হাসান শাহীন জানান, নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল।

তখন আমরা তাকে নিয়ে একটি লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন।
তিনি আরও জানান আগামী ১ জুন প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবগত আছেন।

এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান জানান, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গে আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.