নিউজ ডেস্ক।।
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন টার্মিনালে যাত্রীদের ফিরতে দেখা গেছে। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলবে অফিস-আদালত। তবে বেসরকারি কিছু অফিস রোববার খুলবে। এজন্য অনেকেই ঢাকায় ফিরছেন। সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলো এবং গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মানুষের ভিড় দেখা গেছে।
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরের মতো নিকটস্থ জেলাগুলো থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ খুবই স্বাভাবিক। এছাড়া রেলে ঢাকায় আসার যাত্রীও ছিল স্বাভাবিক। কাউন্টারগুলোতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষার দৃশ্য যেমন নেই, তেমনি বাসে উঠতে যাত্রীদের ঝক্কিও পোহাতে হচ্ছে না। যাত্রীর চাপ কম থাকায় এবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছেন। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার জানান, ‘এখনো ফিরতি চাপ সেভাবে শুরু হয়নি। বাসে সিট খালি থাকছে না ঠিকই, তবে বাসের জন্য মানুষের হাহাকার নেই। ভাড়া আমরা নিয়মিত চার্ট অনুযায়ীই নিচ্ছি।’ যাত্রীরা বলছেন, রাস্তাঘাট ফাঁকা থাকায় এবারের ঢাকায় ফেরা অনেক বেশি আরামদায়ক হচ্ছে। রোববার বিকেলে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যেতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
