ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টারের নিম্নমানের স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ শিক্ষার্থীদের। কয়েক প্রকার ওষুধেই সীমাবদ্ধ এখানকার স্বাস্থ্যসেবা বলে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। এদিকে বিশেষজ্ঞ না থাকায় অধিকাংশ চিকিৎসাসেবার জন্য পাঠিয়ে দেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে। এ ছাড়া ১৪ বছর ধরে বন্ধ রয়েছে ডেন্টাল ইউনিট, নেই কোনো নার্স। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীদের চলছে নানান আলোচনা-সমালোচনা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের বিপরীতে হেলথ কেয়ারে বর্তমানে রয়েছে মাত্র ৮ জন চিকিৎসক। এদের মধ্যে চিফ মেডিক্যাল অফিসারসহ নিয়মিত চিকিৎসক আছেন ৬ জন ও খণ্ডকালীন চিকিৎসক ২ জন। কিন্তু দীর্ঘদিন ধরে ৫টি মেডিক্যাল অফিসারের পদ শূন্য থাকায় রোগীরা পাচ্ছেন না নিয়মিত সেবা। তা ছাড়া হেলথ কেয়ার সেন্টারটিতে নেই কোনো নার্সের পদ। নেই কোনো বিশেষায়িত ইউনিট। কোনো ডেন্টাল ইউনিটও নেই। হেলথ কেয়ারের ডেন্টাল বিভাগে সর্বশেষ ১৪ বছর আগে একজন খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ছিলেন। ২০১১ সালে তিনি চলে যাওয়ার পর ১৪ বছর ধরে নিয়োগ দেওয়া হয়নি কোনো নতুন চিকিৎসক। বিভাগটির ডেন্টাল চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতিগুলো এখন প্রায় অকেজো। বর্তমানে হেলথ কেয়ার সেন্টারটিতে কর্মকর্তা আছেন ১০ জন এবং কর্মচারী আছেন ১৬ জন। যার মধ্যে ৬ জন নিয়মিত, ৭ জন মাস্টার রোলে, আর ৩ জন কর্মচারীর পদশূন্য থাকায় ঘাটতি মেটাতে অন্য শাখা থেকে ৩ জন কর্মচারীকে আনা হয়। হেলথ কেয়ারে ৭ প্রকার এন্টিবায়োটিক, গ্যাসের ওষুধ, চর্মরোগের মলম ও প্যারাসিটামল বিনামূল্যে প্রদান করা হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। দিনেরবেলা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর তুলনায় বহিরাগত রোগীর সংখ্যা থাকে বেশি।
সরেজমিন ঘুরে দেখা যায়, হেলথ কেয়ার সেন্টারের নিচতলার টয়লেট অপরিচ্ছন্ন, কোনোটার দরজা ভাঙা। হেলথ কেয়ারের বাইরেই রয়েছে ময়লার ভাগাড়। বিভিন্ন আবাসিক হলের ময়লা ফেলা হয় সেখানে। দিনেরবেলা কখনো সেন্টারটির বারান্দা মোটরসাইকেল রাখার পার্কিং হিসেবে ব্যবহার হতে দেখা যায়। তা ছাড়া হেলথ কেয়ারের তৃতীয় ও চতুর্থ তলা কয়েক বছর আগে থেকেই নারী শিক্ষার্থীদের সাময়িক আবাসনের কাজে ব্যবহৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী হাসান তপু জানান, ‘আমি কয়েকদিন আগে শ্বাসকষ্ট নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। অথচ, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে জরুরি চিকিৎসার সব ব্যবস্থা থাকার কথা। কিন্তু ডাক্তার নেই, ওষুধ নেই। আসলে পুরো ব্যবস্থাপনাই অগোছাল।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. সাঈদুর রহমান (শওকত) জানান, আমাদের হেলথ কার্ড রেডি। ভিসি ও অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শীঘ্রই এটা আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের হাতে পৌঁছে দেব। বিশ্ববিদ্যালয় ব্যক্তিগতভাবে কোনো ওষুধ কেনে না। সরকারি কিছু ক্রয় নীতিমালা আছে। ওষুধের গুণগত মান ও মূল্য দেখেই এই ওষুধ ক্রয় করা হয়। হেলথ কেয়ারের পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে তিনি জানান, ‘একটা সময় কেবল ৮-১০টা টেস্ট করা হতো যা এখন করা হয় ২৮টা, যার মধ্যে ১৫টা টেস্ট করা হয় নামমাত্র মূল্যে। ডেঙ্গু টেস্ট, ইউরিন টেস্ট সম্পূর্ণ ফ্রি। বাকি টেস্টগুলোর দামও বাইরের হাসপাতালগুলো থেকে অনেক কম, ছাত্রদের জন্য প্রায় ৬০-৭০% ছাড়। তা ছাড়া এক্সরের জন্য রয়েছে ডিজিটাল মেশিন।’
অ্যাম্বুলেন্সের কাঠামোগত ত্রুটি ও সময় মতো না পাওয়ার বিষয়ে নিয়ে ডা. সাঈদুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল গাড়ি পরিবহন শাখার অন্তর্গত। দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সব সময় থাকে, একটা রিজার্ভ থাকে। অ্যাম্বুলেন্স কে নিচ্ছে সবই রেকর্ড থাকে। অ্যাম্বুলেন্স ভাঙা কি না, জ্বালানি আছে কি না সব দেখে পরিবহন শাখা।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘হেলথ কেয়ারের ডাক্তার সংকট সমস্যার ব্যাপারে আমরা অবগত আছি। সমস্যাটি সমাধানের ব্যাপারে ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা নিরসরণের কাজও শুরু হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
