নিজস্ব প্রতিবেদক।। এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। কর্মসূচির এক পর্যায়ে তারা শিক্ষা ভবনসহ সচিবালয়ের পুরো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন জনসাধারণ।
পরে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। পরে বিকাল ৫টায় পুলিশি বাঁধার মুখে ফিরে যান তারা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, শিক্ষকরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক তারা অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। বিকাল ৫টা থেকে সেখানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলাম।
পুলিশ সদস্যরা এসে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই হামলায় আমাদের অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন। অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর আমাদের একটি প্রতিনিধি দল ধানমন্ডিতে গিয়েছেন। সেখানে রাত ৮টায় উপাচার্যের সঙ্গে আমাদের দাবির বিষয়ে আলোচনা হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন।
শিক্ষাবার্তা ডট কম /এ/১৮/১০/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
