খাগড়াছড়িঃ জেলার পানছড়ি উপজেলায় এক শিক্ষকের থাপ্পড়ে গুরুতর আহত হয়ে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। উপজেলার লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা জানিয়েছেন।
আহত ১৫ বছর বয়সী ওই ছাত্রীর বাড়ি লোগাং বাজার এলাকায়। সে লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। ওই ঘটনার পর তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রবিবার দুপুরে টিফিনের পর প্রথম ঘণ্টায় আশাদন চাকমা স্যার দশম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছিলেন। এক পর্যায়ে ওই ছাত্রীকে পড়া ধরলে সে তাৎক্ষণিক উত্তর দিতে পারেনি। এ সময় স্যার রেগে গিয়ে মেয়েটিকে জোরে থাপ্পড় মারলে তার নাক দিয়ে রক্ত বের হয়।
এ সময় ক্লাসের মেঝেতেও অনেক রক্ত পড়ে। পরে পানি দিয়ে ওই ছাত্রীর নাকের রক্ত পরিষ্কার করা হয়। এরপর আশাদন স্যার দ্রুত ফ্লোরের রক্ত ধুয়ে ফেলে।
ওই শিক্ষক এর আগেও অনেক শিক্ষার্থীর গায়ে হাত তুলেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
আহত মেয়েটির মা বলেন, “’আশাদন স্যার আমার মেয়ের নাকে-গালে অনেকগুলো থাপ্পড় দিয়েছে। যার কারণে তার নাক দিয়ে রক্ত বের হয়েছে।”
আহত ওই শিক্ষার্থীর ভাষ্য, “স্যার আমাকে একটা পড়া ধরেন। পড়াটা আমি পারি কিন্তু মুখ দিয়ে বের হচ্ছিলো না। তখন তিনি আমার নাকে-মুখে এবং মাথায় অনেকগুলো থাপ্পড় মারেন। এক পর্যায়ে আমার নাক ফেটে রক্ত বের হয়।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আশাদন চাকমা বলেন, “ক্লাসে ওই ছাত্রী মনোযোগী ছিল না। এতে আমি একটু ক্ষিপ্ত ছিলাম। পরে তাকে একটা পড়া ধরি, সে না পারায় আমি তাকে একটা থাপ্পড় মারি।
“তখন দেখি তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এমনটা হবে আমি বুঝতে পারিনি।”
লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা বলেন, “থাপ্পড়ে আহত ছাত্রী আমার কাছে বিচার নিয়ে আসলে আমি তার অভিভাবকের সামনে শিক্ষককে ডেকে সতর্ক করি। ছাত্রীর চিকিৎসায় যত খরচ হবে তা শিক্ষক বহন করবে।”
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, “মেয়েটি ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এই নিয়ে বিদ্যালয়ের সভা আহ্বান করা হয়েছে। ভিকটিম চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবে।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
