এইমাত্র পাওয়া

ওবায়দুল কাদেরের সাথে শিক্ষকদের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’এর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালিত হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। ফলে স্থবির হয়ে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়সমূহের স্থবিরতা দূর করতে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আলোচনায় বসার কথা ছিল। তবে সেই সভা স্থগিত হয়েছে।

বৈঠক স্থগিত হওয়ার কথা বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে তা পরবর্তীতে জানানো হবে।

এর আগে বুধবার অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন- তিনি আমাদের সাথে কথা বলবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালেই নেতৃবৃন্দকে নিয়ে তার সাথে আলোচনায় বসবো আমরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.