এইমাত্র পাওয়া

কোটা ইস্যুতে উত্তাল ঢাবি, শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। তবে বিভিন্ন হল থেকে জমায়েতের উদ্দেশ্যে বের হতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। মাস্টার দা সূর্যসেন হলে তালা লাগানোর অভিযোগও করেন তারা।

এদিন প্রতিটি হল থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে সমবেত হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে যান তারা।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিন মিছিল ও অবরোধের সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’; ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, —ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.