৫ দিনে কলেজে ভর্তির আবেদন পড়েছে ৫ লাখ ৬৩ হাজার

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পাঁচ দিনে ৫ লাখ ৬৩ হাজার শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। তারা ৩০ লাখ ৯৪ হাজার ১৭৫টি ইএসভিজি চয়েস (কলেজ পছন্দ) দাখিল করেছেন। এর মধ্যে পেমেন্ট সম্পন্ন করেছেন ৫ লাখ ৪০ হাজার ৬৪ আবেদনকারী।

ঢাকা শিক্ষাবোর্ড ও একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে থেকে এ তথ্য জানা গেছে। তিন ধাপের ভর্তির মধ্যে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

এ ছাড়া শিক্ষাবোর্ড জানিয়েছে, আবেদনের সাইট রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত বন্ধ থাকবে। আবেদন করার সুবিধার্থে ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে। নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এর আগে সার্ভার জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েছেন। পরে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।

একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি।

এবার একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন থাকলেও এসএসসিতে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। সে হিসেবে ৮ লাখের বেশি আসন খালি থাকবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.