হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সংসদ সদস্য (এমপি) পত্নী আলেয়া আক্তার জয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে মোট ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন আলেয়া আক্তার। তিনি হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরের স্ত্রী।
আলেয়া আক্তারের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার নয়টি উপজেলায় পৃথক কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলায় মোট ভোটার রয়েছেন ১ হাজার ১০২ জন। এ নির্বাচনে ভোটাররা হলেন–ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলররা।
উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মুশফিক হোসেন চৌধুরী। এতে পদটি শূন্য হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
