ঢাকাঃ শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষকে মানবতা ও নৈতিকতাবোধ এবং মানুষত্ব্যের বিকাশ ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করে। আর সুশিক্ষাই আলোকিত মানুষের জন্মদাতা হিসেবে কাজ করে বলে সেমিনারে মত দিয়েছেন বক্তারা।
শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’র উদ্যোগে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও জাতীয় শিক্ষানীতি সংস্কার’ বিষয়ে আলোচনা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, লেখক ও গবেষক কবি মূসা আল হাফিজ, আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটের সাবেক প্রভাষক সৈয়দ তালহা আলম।
সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ বলেন, যারা শিক্ষানীতি বাস্তবায়ন করছে তারা ভুলে গেছেন যে, পশ্চিমারা যেভাবে তাদের শিক্ষাব্যবস্থাকে সাজিয়েছে তারা ১৩০০ বছর আগের মুসলিমদের বায়তুল হিকমা তৈরি না করলে হয়তো আজকের এ অবস্থান পেতো না। দুনিয়ার শিক্ষা ব্যবস্থার যে উন্নতি তা মূলত মুসলমান সমাজ থেকেই এসেছে। যারা বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে তারা আমাদের বুঝাতে চায় হিন্দুত্ববাদ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার সৃষ্টি। আসলে তা মোটেই সঠিক নয়।
এ সময় শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত বিশেষ কোনো কাজ বা গবেষণার কারণে গর্ববোধ করে তা নয়। মূলত বিভিন্ন সময়ে দেশের নানা ক্রান্তিকালে ছাত্র সমাজের ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশংসিত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানের অবনতির মূল কারণ দলীয়করণ করা। এর ফলে তাদের জবাবদিহিতা বিলীন হয়েছে। ফলে বিশাল অঙ্কের রিসার্চ ফান্ড থাকার পরও কোন ফলাফল নেই। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষানীতি সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা কারিকুলাম বাস্তব সম্মত নয়। ফলে আমাদের পর্যাপ্ত জনবল থাকার পরও আমাদের দেশের বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে। দেশের বিপুল জনগোষ্টি বেকার থাকার পরও বিদেশিদের দিয়ে কাজ করাতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমুল পরিবর্তন দরকার। যা কারিগরি, ধর্মীয় ও বাস্তবতার সাথে মিল রেখে শিক্ষানীতি প্রনয়ন করা জরুরি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
