নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংকসমূহ বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার জারি করা এক সার্কুলার লেটারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলার বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রেববার) পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।
তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সীমিত সংখ্যক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে ঈদের দিন ছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
শিক্ষাবার্তা /এ/১৯ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

