এইমাত্র পাওয়া

নন এমপিও ঐক্য পরিষদ : ৭ জুন প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক।। 
রাজধানীতে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে স্বীকৃতিপ্রাপ্ত সচল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংগঠন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। আগামী ৭ জুন থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
রোববার (১৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চরম বৈষম্যের শিকার। শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি অবিলম্বে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান।

তিনি বলেন, “আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে ব্যয় করা অন্যায়। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ এখন দেশের শিক্ষাখাতের সবচেয়ে যৌক্তিক দাবি। ঈদের আগেই দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর ৭ জুন থেকে ঢাকায় বৃহত্তর আন্দোলন শুরু হবে।”

সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী বলেন, “২০ থেকে ২৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি—এই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।”

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন, “আমরা দীর্ঘদিন রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। তবে দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, বিগত সরকারের সময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী দ্রুত এমপিওভুক্তির দাবি জানান তিনি।

সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন, “আমরা ২০-২৫ বছর ধরে চাকরি করছি অথচ কোনো বেতন-ভাতা পাই না। এটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সরকার দ্রুত আমাদের ন্যায্য দাবি মেনে নেবে বলে আশা করছি।”

সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম বলেন, “দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত এমপিওভুক্তির জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

এসময় সমন্বয়ক মাওলানা মোবারক হোসেন বলেন, “নন-এমপিও আন্দোলনে ১৭ জনের রক্ত ঝরেছে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। এমপিওভুক্তির দাবি অত্যন্ত যৌক্তিক, তাই দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

সভায় বক্তারা অনার্স ও মাস্টার্স স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের এমপিও নীতিমালার অন্তর্ভুক্ত করার দাবিও জানান।

মানববন্ধন থেকে আন্দোলনের রোডম্যাপও ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৩০ মে দেশের সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও এমপিওভুক্তির দাবি জানানো, ২ জুন রাজশাহী বিভাগীয় সমাবেশ, ৩ জুন রংপুর বিভাগীয় সমাবেশ, ৪ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ৫ জুন বরিশাল বিভাগীয় সমাবেশ, ৬ জুন খুলনা বিভাগীয় সমাবেশ এবং ৭ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি।

সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সমন্বয়ক প্রভাষক মো. গোলাম মোস্তফাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.