এইমাত্র পাওয়া

কুমিল্লায় শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে কুপিয়ে হ-ত্যা

কুমিল্লাঃ  জেলার সদর দক্ষিণ উপজেলায় লিটন মজুমদার (৪৫) নামের মাদরাসা শিক্ষককে তারই শিক্ষার্থীদের সামনে কুপিয়ে হত্যা করেছেন শাফায়াত আলী নামের এক ব্যক্তি। এসময় ওই শিক্ষককে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মা আকলিমা। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি এলাকার নিজ বাড়ির পাশের কোচিং সেন্টারে ঘটনাটি ঘটে।

নিহত লিটন মজুমদার একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি নলকুড়ি ফোরকানিয়া মাদরাসার বাংলা ও ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বুধবার সন্ধ্যায় লিটন ছেলে-মেয়েদের নিজের কোচিং সেন্টারে পড়াচ্ছিলেন। এসময় একই এলাকার বিদেশ ফেরত মৃত শাহ আলম মজুমদারের ছেলে শাফায়াত আলী কোচিং সেন্টারের ভেতরে ঢুকে শিক্ষক লিটনকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক মারা যান। কী কারণে এই হত্যাকাণ্ড তা কেউ নিশ্চিত নয়।

নিহতের মা আকলিমা বলেন, আমি আমার সন্তানের হত্যাকারীর ফাঁসি চাই।

গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জামাল প্রধান বলেন, লিটন শিক্ষক হিসেবে যথেষ্ট ভালো ছিল। আজ (বুধবার) সকালেও তার সঙ্গে আমার কথা হয়। লিটনকে যিনি হত্যা করেছেন তিনি একজন মাদকাসক্ত। তাকে এলাকাবাসী ধরার চেষ্টা করেছিল। কিন্তু, তিনি দা দিয়ে কোপ দিতে চাইলে তাকে আর ধরা যায়নি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে ঠিক কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে, তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.