নিউজ ডেস্ক।।
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। গত ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়। এরপর পাঁচদিনে ২৪ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
শনিবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল কলেজ) ডা. উপল সীজার। তিনি বলেন, ডেন্টালে ভর্তির জন্য এ পর্যন্ত ২৪ হাজার ৪০২ জন ভর্তির আবেদন করেছেন। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন আবেদন করেছিলেন।
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি গত ১৪ জানুয়ারি প্রকাশ করা হয়। পরেরদিন ১৫ জানুয়ারি আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি (রোববার) রাত ১১টা ৫৯ মিনিট।
পরীক্ষা ফি ১ (এক) হাজার টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট) ২৫ হতে ২৭ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বিডিএস ভর্তি পরীক্ষার online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েবসাইটে (http://dgme.teletalk.com.bd) জানা যাবে।
এবার পূর্ববর্তী বছরের পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরে সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ১০ নম্বর বাদ দিয়ে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
