শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ অর্ধশতাধিক স্কুল-কলেজের চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক ও অধ্যক্ষের নিয়োগ বাতিল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন করে এখন থেকে কোনো প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না।
বর্তমান এমপিও নীতিমালায় স্কুল-কলেজের প্রধানদের চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রাখা হয়েছিল। এতে অনেক প্রতিষ্ঠানেই প্রধান শিক্ষক ও অধ্যক্ষের চাকরি শেষ হওয়ার পরও চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।
শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত অসংখ্য অভিযোগ আসে। এর ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষকরা। এবার এই চুক্তিভিত্তিক নিয়োগ পুরোপুরি বাতিল করেছে মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এখন থেকে নতুন করে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। সেই সঙ্গে যারা নিয়োগপ্রাপ্ত আছে সেটিও বাতিল হয়ে যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, অনুমোদনের আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শিক্ষকরা চেয়ারে বসে যেতেন এবং পরবর্তীতে তা ছাড়তে চাইতেন না। এ কারণে ১১ জানুয়ারি শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ পুরোপুরি বাতিল করেছে মন্ত্রণালয়।
এদিকে এ সিদ্ধান্তে খুশি শিক্ষকরা। শিক্ষক নেতারা বলছেন, এই চুক্তিভিত্তিক নিয়োগের কারণে অনেক শিক্ষকই যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি পান না। সেই সঙ্গে বেশিরভাগক্ষেত্রে চুক্তিভিত্তিক প্রধানদের কাছে জিম্মি হয়ে পড়েন শিক্ষকরা।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু বলেন, ‘সরকারের এ সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। এটি একটি ভাল সিদ্ধান্ত।’
বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আছে সাড়ে ৩৪ হাজার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
