সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষক বেঁচে গেলেও প্রাণ হারালেন স্ত্রী সহকারী শিক্ষিকা

জামালপুরঃ জেলার সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি এলাকায় স্কুলে যাওয়ার পথে খালেদা খানম ওরফে খুশি (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। স্কুল শিক্ষক স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাদেচান্দি বরকতের রাইস মিল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুল শিক্ষিকা সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক রিপনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত স্কুল শিক্ষিকার স্বামীর বড় ভাই শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে সকালে ছোট সন্তানসহ তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। তারা দুজন একই এলাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁরা বাদেচান্দি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে কুকুরের বাচ্চা দৌড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে যান খালেদা খানম খুশি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ জানান, এ ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মহব্বত কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.