এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে ২ হাজার ২৯৩ কোটি টাকা

ঢাকাঃ শিক্ষার্থীদের ৪০ লাখ ৪৫ হাজার ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ কোটি টাকা। আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিশেষ সুবিধাযুক্ত এই ব্যাংক হিসাবে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের আমানত রয়েছে ৯৭৩ কোটি টাকা। চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের আমানত ৫২৮ কোটি টাকা। এই দুই বিভাগের শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ৬৬ শতাংশ। সারাদেশের শিক্ষার্থীদের মোট ব্যাংক হিসাবের ৪৫ শতাংশও খোলা হয়েছে এ দুই বিভাগে। দুই বিভাগের মধ্যে আমানত ও হিসাব সংখ্যার দিক থেকে আবার এগিয়ে আছে ঢাকা। মোট আমানতের ৪২ শতাংশ আর হিসাবের ২৩ শতাংশ ঢাকা বিভাগের শিক্ষার্থীদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের শেষে শিক্ষার্থীদের ৪০ লাখ ৪৫ হাজার ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ কোটি টাকা। আমানতের দিক থেকে ঢাকা ও চট্টগ্রামের পেছনে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগের শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ১৯৭ কোটি টাকা। এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। তালিকার তলানিতে থাকা ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের আমানতের পরিমাণ মাত্র ৭৭ কোটি টাকা। আমানত ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম হলেও হিসাব সংখ্যার দিক থেকে সবার পেছনে রয়েছে বরিশাল বিভাগ। এই বিভাগে ২ লাখ ৩৫ হাজারের মতো শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে।

স্কুল শিক্ষার্থীদের মোট আমানতের ৭০ শতাংশ শহরের শিক্ষার্থীদের। মাত্র ৩০ শতাংশ গ্রামের শিক্ষার্থীদের। শহরের শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আছে ১ হাজার ৬২৭ কোটি টাকা। আর গ্রামের শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ৬৬৫ কোটি টাকা। অথচ মোট হিসাব সংখ্যার ৫৫ শতাংশ গ্রামের শিক্ষার্থীদের নামে খোলা হয়েছে। শহরের শিক্ষার্থীদের হিসাব সংখ্যা ৪৫ শতাংশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.