নাটোরঃ জেলার বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি ও লাঞ্ছিত করার মামলায় প্রধান আসামিসহ আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তার হলো পাঁচ জন। শনিবার রাতে উপজেলার মানিকপুর চেকপোস্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মামলার প্রধান আসামি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিম বালির ছেলে রুবেল বালি ও মালিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে জামাল উদ্দিন।
এ প্রসঙ্গে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কক্ষে প্রবেশ করে তাঁর হাত কেটে নেওয়ার হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত ও অফিসের জরুরি ফাইলপত্র তছনছ করে রুবেল বালিসহ ৩০ থেকে ৩৬ জন ব্যক্তি। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা নিজে বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় থানায় রুবেল বালিসহ চার জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও জানান, মামলা করার পর থেকে আসামিরা আত্মগোপন করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এর পর গতকাল রাতে মামলার প্রধান আসামিসহ আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
