নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অষ্টম ও নবম শ্রেণিতে উপজেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (৯ ডিসেম্বর) থেকে প্রথম পর্যায়ে এ প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও কয়েকজন জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, অর্থ ছাড় না হওয়ায় এই প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহের আগামীকাল বৃহস্পতিবার শেষ কার্য দিবস। ফলে যেহেতু বুধবার পর্যন্ত অর্থ ছাড় হয়নি ধরেই নেওয়া হচ্ছে আগামীকালের মধ্যে অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা খুবই কম। আজ বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে মিটিং করে মাউশি। এখানেই সিদ্ধান্ত হয়। তবে আগামীকাল এ বিষয়ে চিঠি ইস্যু করা হবে বলে জানান এই কর্মকর্তা।
জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের ২৪ দিন বাকি। প্রশিক্ষণ এখনও দেয়া হয়নি। আগামী ৯ ডিসেম্বর থেকে শিক্ষকদের দুই ধাপে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও আজ তা স্থগিত করে দেয়া হয়। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের মাধ্যমে এই কার্যক্রম চলার কথা ছিল।
স্কীমের পরিচালক সৈয়দ মাহফুজ আলী শিক্ষাবার্তাকে বলেন, ৪ লাখ ২৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার কথা ছিল। কিন্তু এত সংখ্যক শিক্ষকের নাম এসেছে যা আমাদের পক্ষে যাচাই বাছাই করা সম্ভব নয়। এগুলো মাঠ পর্যায় থেকে যাচাই বাছাই করে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। যে আবেদন আসছে তাতে শিক্ষকের সংখ্যা ৫ লাখেরও বেশি হবে। এবার আমরা এমপিও এবং ননএমপিও সব ধরণের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ফলে এই প্রশিক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়শা তৈরি হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এ কারণে রাজনৈতিক অস্থিরতাসহ সামনে নানা অনিশ্চয়তা থাকতে পারে। এ কারণে আরো আগে এই কারিকুলামের প্রশিক্ষন দেয়া উচিত ছিল বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।
আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আগামী শনিবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিলো। আর জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে দ্বিতীয় পর্যায়ে ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিলো। এর আগে ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা পেছেনো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
