এইমাত্র পাওয়া

তিন কলেজের সবাই ফেল: কারণ জানতে চাইলো শিক্ষা বোর্ড

চট্টগ্রামঃ এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৭৯ কলেজের মধ্যে শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১২টি। এরমধ্যে তিনটি কলেজ রয়েছে যেখানে একজন শিক্ষার্থীও পাস করেনি।

সেই তিন কলেজ কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শতভাগ ফেল করা নগরের চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির মহালছড়ি বৌদ্ধ শিশুঘর স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রধানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেন শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এসব কলেজে শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার ব্যাখ্যা পত্র জারির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে পাঠাতে হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বাংলানিউজকে বলেন, শতভাগ ফেল করা তিন কলেজ প্রধানের কাছে কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.