সোহরাওয়ার্দী কলেজে কমেছে পাশের হার, জিপিএ ৫ পেয়েছে মাত্র ৮ জন

অপূর্ব চক্রবর্তী, সোহরাওয়ার্দী কলেজ প্রতিবেদকঃ রবিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। এর ব্যতিক্রম ছিল না রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। পুরান ঢাকার সূত্রাপুরে অবস্থিত বিদ্যাপীঠটিতে এ বছর পাশের হার হল ৮০.৪৪% এবং জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৮ জন।

জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে ৪ জন এবং বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ২ জন করে পেয়েছেন। এ বছর ২০৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন ১৬৭০ জন।

বিগত তিন বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২০ সালের (বৈশ্বিক মহামারী করোনা বিবেচনায় মাধ্যমিক ও জেএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রদান) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৯৯.৯২% এবং জিপিএ ৫ পেয়েছিল ১৬৬ জন। পরের বছর অর্থাৎ ২০২১ সালের (সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত) পরীক্ষায় যা এসে দাঁড়ায় ৯৬.৭৩% এ এবং জিপিএ ৫ পায় ৯৫ জন। ঠিক তার পরের বছর অর্থাৎ গতবছরের পাশের হার নেমে আসে ৮৭.৬৮% এ এবং জিপিএ ৫ পায় ১১৯ জন।

উচ্চ মাধ্যমিকে ফলাফল সংক্রান্ত বিষয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর বলেন, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের দায়িত্বশীল উপাধ্যক্ষকে আমার স্বাক্ষরিত চিঠি ইস্যু করে কারণ জানতে চাওয়া হয়েছে।

পাশের হার নিয়ে বলেন, সারাদেশে পাশের হার ৭৮% এবং আমাদের প্রতিষ্ঠানে ৮০% পাশের হার ঠিক থাকলেও চিন্তার বিষয় হচ্ছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ায়। এ বিষয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.