এইমাত্র পাওয়া

পদত্যাগ করলেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

ঢাকাঃ সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট ( সংসদ সদস্য নন এমন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে সংসদ সদস্য নন, প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

গণমাধ্যমকে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকলীন সরকারে অর্থাৎ তফসিল ঘোষণার পর কোনো টেকনোক্র্যাট মন্ত্রী উপদেষ্টা থাকবে না, এটিই নিয়ম।

২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগেও টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেসময় তৎকালীন ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার পদত্যাগ করেন। সেবার তফসিলের আগেই তারা পদত্যাগ করেছিলেন।

নির্বাচন কমিশন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৫ নভেম্বর। ৪ দিনের মাথায় এই তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্য ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যা কমে দাঁড়ালো ৪৫-এ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.