নাটোরঃ জেলায় সাইদুল ইসলাম (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আহত সাইদুল সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদিঘা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং মাঝদিঘা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার এশার নামাজের আগে ৫-৬ জন অপরিচিত লোক তাকে মাদ্রাসার বাইরে ডেকে নিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তার পর তাকে পিটিয় রক্তাক্ত করে বারঘরিয়া গ্রামের পূর্ব দিকে চিকুর মোড় এলাকায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী সাইদুল ইসলাম বলেন, হঠাৎ ৫-৬ জন মানুষ মাদ্রাসার অফিসরুমের সামনে এসে জিজ্ঞেস করে আপনি কি সাইদুল ইসলাম? আমি হ্যাঁ বলে বাইরে যেতেই মুহূর্তের মধ্যে জোর করে রাস্তায় নিয়ে মাইক্রোতে তুলে চোখ-মুখ বেঁধে ফেলে। পরে নির্জন জায়গায় নিয়ে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।
মাঝদিঘা নুরানি মাদ্রাসার সভাপতি ও ছাতনী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সরকার বলেন, সাইদুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। তবে মাহফিল নিয়ে এক ইউপি সদস্যের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল।
সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর বিট অফিসারকে সেখানে পাঠিয়েছি। বিট অফিসার জানিয়েছে ঘটনাটি সত্য। ভিকটিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
