মৌলভীবাজারঃ জেলার বড়লেখায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম) এর শিক্ষকরা ৪ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তারা মানবেতর দিনযাপন করছেন। এ ছাড়া দীর্ঘদিন ভাড়া না পাওয়ায় ঘরের মালিকরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন। এই অবস্থায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিশুদের ঝরে পড়া রোধে সরকারের নেয়া এই উদ্যোগ ভেস্তে যাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকরা সম্প্রতি প্রোগ্রাম বাস্তবায়নকারী এনজিও সংস্থা ইউইআরডি’র নির্বাহী পরিচালক রবীন্দ্র চন্দ্র রায়ের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ তুলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, ইউইআরডি’র নির্বাহী পরিচালক রবীন্দ্র চন্দ্র রায় তাদের বেতন-ভাতা, প্রতিষ্ঠানের ভাড়া, পরিবহন খাতে বরাদ্দকৃত অর্থ এবং শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ না দিয়ে আত্মসাৎ করেছেন। যার কারণে তারা তাদের প্রাপ্য বেতন-ভাতা পাচ্ছেন না।
তবে প্রোগ্রাম বাস্তবায়নকারী এনজিও সংস্থা ইউইআরডি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রোগ্রামের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষকরা বেতন-ভাতা পাচ্ছেন না। জানা যায়, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষামুখী করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় বড়লেখা উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম (উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম) চালু করা হয়। ইউইআরডি (ইউনাইটেড এফর্টস ফর রুরাল ডেভেলপমেন্ট) নামে একটি এনজিও সংস্থার মাধ্যমে ২০২১ সালের ডিসেম্বর মাসে উপজেলায় ৭০টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়।
পাঠদানের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে শিক্ষক নিয়োগ দেয়া হয়। দক্ষিণভাগ উত্তর ইউপি’র চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন ও প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছে না।
যার কারণে আমার ইউনিয়নে কয়েকটি ঘরের মালিক ভাড়া না পেয়ে প্রতিষ্ঠানে তালা দিয়েছেন। প্রোগ্রাম বাস্তবায়নকারী এনজিও সংস্থা ইউইআরডি’র নির্বাহী পরিচালক রবীন্দ্র চন্দ্র রায়ের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতি মাসে সকল শিক্ষকের বেতন-ভাতা এবং প্রতিষ্ঠানের ভাড়া দেয়া হয়েছে। এখন প্রোগ্রামের মেয়াদ শেষ হয়েছে। যার কারণে শিক্ষকরা বেতন-ভাতা পাচ্ছেন না। চলতি মাসে আবার সরকারের চুক্তি হতে পারে। তখন সরকার থেকে বেতন দিলে শিক্ষকদের বেতন-ভাতা দেয়া হবে। এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ গতকাল দুপুরে বলেন, তিনি এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
