‘নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও দলীয়করণ বেড়েই চলছে’

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে ঘিরে শিক্ষক ঐক্য পরিষদের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়কে সকল ক্ষেত্রে গণ্ডিবদ্ধ করার অভিযোগ এনে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকল পর্যায়ে নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণ, নিয়োগ প্রক্রিয়ায় একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর অযাচিত ও নজিরবিহীন হস্তক্ষেপ, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করাসহ প্রভৃতি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে গণ্ডিবদ্ধ করার আয়োজনে বর্তমান প্রশাসনের প্রভাব ক্রমান্বয়ে বেড়েই চলছে।’

গত রবিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহছান বলেন, ‘উপাচার্য বিভিন্ন ক্ষেত্রে চরম উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন। নৈতিক অসচ্চরিত্রের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলেও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত না করা, সমাবর্তনের আয়-ব্যায়ের হিসাব না দেয়া, ক্যাম্পাসে দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর সহবস্থান নিশ্চিত না করা ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ। তাছাড়া সম্প্রতি মওলানা ভাসানী হলে ‘মাদক সেবন, বিপণনের আখড়া ও টর্চার সেল’ নামে কুখ্যাত হয়ে ওঠা ১২৬ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে মধ্যরাতে ডেকে নিয়ে একজন অছাত্র ও তার কতিপয় সহযোগী বর্বর শারীরিক ও মানসিক নির্যাতন করলেও উপাচার্য অদ্যবধি কোনো পদক্ষেপ নেননি।’

বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি ও স্বাধীন জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করার প্রত্যয় নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘যাবতীয় অনিয়ম দূরীকরণ, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের অংশীজনদের স্বার্থ-সংরক্ষণসহ শিক্ষা ও গবেষণাবান্ধব একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রম্নতি দিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষকবৃন্দ মূল্যবান ভোট প্রদান করে শিক্ষক ঐক্য পরিষদকে বিজয়ী করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে বার্ষিক গবেষণা ফান্ড গঠন, দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত করাসহ ১৩ দফা নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের’ আহ্বায়ক অধ্যাপক মোতাহার হোসেন, সদস্য অধ্যাপক সোহেল আহমেদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুর রব, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক নজরুর ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান, সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক রেজাউল রকিব, সহযোগী অধ্যাপক রায়হান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.