ঢাকাঃ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর দুর্নীতি-অনিয়ম তদন্তের দাবি জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। একইসঙ্গে তারা বিতর্কিত বর্তমান গভর্নিং বডির সবাইকে পদত্যাগ করার আহ্বানও জানান।
সোমবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। এতে সই করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহমদে ও সাধারণ সম্পাদক রোস্তম আলী।
বিবৃতিতে অভিভাবক ফোরামের নেতারা উল্লেখ করেন, অধ্যক্ষ ফাওজিয়া রাশিদীর আমলের সব কর্মকাণ্ড ‘অবৈধ’। তার ‘অবৈধ কর্মকাণ্ড, অবৈধ ভর্তি ও নিয়োগ–বাণিজ্য’ তদন্ত করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত যাবতীয় পাওনা পরিশোধ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এতে আরও বলা হয়, অধ্যক্ষের সহযোগিতায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ লোভ-লালসা ও ভয়ভীতি দেখিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে নির্যাতন করেন। ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে মামলাও করেছেন ছাত্রীর বাবা। মামলায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযুক্তকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তাকে ২ নম্বর আসামি করায় এবং শিক্ষা প্রশাসন ও অভিভাবকদের চাপের মুখে গত ২১ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগপত্র দিতে বাধ্য হন।
বিবৃতিতে ‘বিতর্কিত’ বর্তমান গভর্নিং বডির সবার পদত্যাগ দাবি করে তারা বলেন, অধ্যক্ষ ফাওজিয়া রাশিদী ২০২৩ শিক্ষাবর্ষে লটারি ছাড়াই বিভিন্ন শ্রেণিতে দুই শতাধিক শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করিয়ে কোটি কোটি টাকার ভর্তি-বাণিজ্য করেছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অনুমোদন ছাড়াই ২০২৩ সালে ৫৯ জন শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দিয়ে দুর্নীতি করেছেন।
অভিভাবকদের এমন দাবির বিষয়ে জানতে চাইলে ফাওজিয়া রাশেদী বলেন, ‘করুক তদন্ত। আমার তো কোনো আপত্তি নেই। দায়িত্বে থাকাকালে আমি নিয়মের বাইরে কিছুই করিনি। গভর্নিং বডির সিদ্ধান্ত এবং অধ্যক্ষ হিসেবে আমার যতটুকু দায়িত্ব, সেটুকুই পালন করেছি।’
জানতে চাইলে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান বলেন, ‘আমি এমন কোনো অভিযোগ পাইনি। অভিভাবকরা যদি লিখিত অভিযোগ আমাদের কাছে দেন, তখন বিষয়টি ভেবে দেখবো।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
