নজরুল বিশ্ববিদ্যালয়ে ইনডেমনিটি নাট্যচিত্র প্রদর্শিত

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বুধবার (০৪ অক্টোবর ২০২৩) দুপুরে প্রদর্শিত হয়েছে ইনডেমনিটি নাট্য চিত্র। ইতিহাস আশ্রয়ী রাজনৈতিক প্রহসন অবলম্বনে নির্মিত নাট্য চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে ইনডেমনিটি আইনের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-টি সারাপৃথিবীতে ছিল নজিরবিহীন, এরকম রাজনৈতিক হত্যাকান্ডের কোনো দৃষ্টান্ত নেই। কিন্তু এর চেয়েও লজ্জার বিষয় ছিল তারপরে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সেই খন্দকার মোশতাক তিনি পার্লামেন্টে অধ্যাদেশ জারি করেন যে, রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যতজন সেদিন হত্যাকান্ডের শিকার হয়েছিলেন তাদের হত্যাকান্ডের কোনো বিচার করা যাবে না। পঞ্চম সংশোধনীর মধ্যদিয়ে এটি সংবিধানে লেখা হলো, পার্লামেন্টে পাশ হলো। এটি ছিল ইনডেমিনিটি। এরমধ্য দিয়ে সারা পৃথিবী জেনে গেল যে, বাঙালি জাতি নির্বিচারে মানুষ হত্যা করে এবং এই হত্যার বিচার করা যাবে না বলে তারা আইন করে। এরফলে সারা পৃথিবীতে বাঙালির ভাবমূর্তিকে একেবারে তলানিতে নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপর থেকেই ঘাতকেরা রাজনীতির অঙ্গনে এসে বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসিত হয়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই দেশের মূল চেতনা। এই চেতনাকে আমাদের ধারণ করতে হবে, বহন করতে হবে। তরুণ প্রজন্মকে তৈরি থাকতে হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ইনডেমনিটি নাটক দেখলে তোমরা বুঝবে আমাদের দেশের ইতিহাস কেমন ছিল, কীভাবে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। ইনডেমনিটি নাট্যচিত্র প্রদর্শনের সঙ্গে যুক্ত সকলকে সাধুবাদ জানান উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন রাগীব রহমান। উপস্থিত ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পারিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ অন্যরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.