৮ম শ্রেণির জন্য প্রায় দু’শ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে সরকার

ঢাকাঃ আগামী (২০২৪) শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির জন্য ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি বিনামূল্যের পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকা।

বিনামূল্যে শিক্ষার্থীদের দেওয়ার উদ্দেশ্যে এসব পাঠ্যপুস্তক কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৪ অক্টেবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এ সভা হয়।

সভা শেষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি বিনামূল্যের পাঠ্যপুস্তক কেনা হবে। মোট ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকায় এসব পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই কেনার অনুমোদন দেওয়া হয়। এতে খরচ ধরা হয়েছে ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকা।

এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় এসব বই কেনা হবে।

সাঈদ মাহবুব খান জানান, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ২টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি এবং নৌ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.