এইমাত্র পাওয়া

আড়াইহাজারে শ্রবণ ও বাক প্রতিবন্ধী আঁখি পিইসি পরীক্ষা দিচ্ছে

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও জীবনযুদ্ধে হার মানতে রাজি নয় আড়াইহাজারের আঁখি আক্তার (১৩)। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের দৃঢ়চেতা মনোবলের পরিচয় দিয়েছে সে। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। আঁখি উপজেলার নোয়াপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।

নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিচ্ছে সে। সোমবার দুপুরে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, সবার সঙ্গে সুন্দরভাবে হাসিমুখে পরীক্ষা দিচ্ছে আঁখি। পরীক্ষা শেষে কথা হয় আঁখির মা আছমা আক্তারের সঙ্গে। তিনি জানান, ‘আঁখির বাবার সঙ্গে অনেক দিন আগেই তার তালাক হয়ে গেছে। মেয়ে আঁখি কথা বলতে পারে না এবং কানেও শোনে না। কিন্তু ইশারায় সে আমার কাছে লেখাপড়া করার ইচ্ছা প্রকাশ করে। আমি তার ইচ্ছানুযায়ী ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে তাকে পড়াশুনা করাচ্ছি। মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার খরচ ও মেয়ের লেখাপড়ার খরচ চালাচ্ছি। আল্লাহ যদি তার একটা ব্যবস্থা করে। তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।’

পরীক্ষার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আকবর সিকদার বলেন, ‘আঁখি যে প্রতিবন্ধী তা আমরা প্রথমে বুঝতে পারিনি। অন্য ছাত্রছাত্রীর মতোই খাতায় উত্তর লিখছিল সে। পরীক্ষা শুরুর কিছু সময় পরে যখন শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর নিচ্ছিল, তখন তারা বিষয়টি বুঝতে পেরে আমাকে জানায়। এমন একজন শিক্ষার্থীর জন্য আমরা গর্ববোধ করছি।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.