ফেনীঃ জেলার সোনাগাজীর পূর্ব বড়ধলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজিরা খাতায় থাকা ৭২ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০ জনই ভুয়া। এরা সবাই পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় পড়াশোনা করছে। এসব ভুয়া শিক্ষার্থীদের নাম দিয়ে তুলা হচ্ছে উপবৃত্তির টাকাও।
সরজমিনে বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির হাজিরা খাতায় ১৪ জনের নাম থাকলেও উপস্থিত ছিল মাত্র চারজন, চতুর্থ শ্রেণির হাজিরা খাতায় ১৫ জনের নাম থাকলেও উপস্থিত ছিল মাত্র তিনজন, পঞ্চম শ্রেণির হাজিরা খাতায় ১৪ জনের নাম থাকলেও উপস্থিত ছিল চারজন।
হাজিরা খাতায় ভুয়া শিক্ষার্থীর উপস্থিতির বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা আক্তারের নির্দেশে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের উপস্থিতির হাজিরা দেওয়া হয়।
তবে তাছলিমা আক্তার বলেন, তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে গত মার্চ মাসে দায়িত্ব নেন। আগের প্রধান শিক্ষক ভর্তির সময় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা আছে বলেই তিনি সহকারী শিক্ষকদের অনুপস্থিত শিক্ষার্থীদের হাজিরা উপস্থিত দেখাতে বলেন। তবে যাদের দুই জায়গায় ভর্তিও তথ্য পাওয়া গেছে, তাদের ভর্তি বাতিল করা হয়েছে।
তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তিনি এমন নির্দেশ দেননি। অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
