বগুড়াঃ জেলার ধুনট উপজেলায় ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত ব্যবসায়ী বুলবুল প্রামাণিকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন। বুলবুল প্রামাণিক উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের বাসিন্দা। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।
ধুনট থানায় মামলা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার মেয়েটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পেশায় কাঠমিস্ত্রি। পারিবারিক সূত্রে মেয়েটি ব্যবসায়ী বুলবুল প্রামাণিকের ভাতিজি। একই বাড়িতে তাদের বসবাস। গত ২০ আগস্ট সকাল ৭টার দিকে নিজ বাড়িতে স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হন। ওই সময় মেয়েটির মা চিকিৎসার কাজে ধুনট শহরে এবং বাবা কাজিপুর এলাকায় কর্মস্থলে ছিলেন। এ সুযোগে বুলবুল কৌশলে মেয়েটির ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে বুলবুল প্রামাণিক কৌশলে সটকে পড়েন।
এ ঘটনার ২১ আগস্ট মেয়েটির মা বাদী হয়ে বুলবুল প্রামাণিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত শেষে বুধবার (৬ সেপ্টেম্বর) থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। মামলার আসামি বুলবুল প্রামাণিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
