ভোলাঃ জেলার চরফ্যাশন উপজেলায় বেসরকারি সংস্থা কো-ইড স্কুলের টিনসেট ঘরসহ টেবিল বেঞ্চ, চেয়ারসহ আসবাবপত্র গায়েব করার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সাবেক সভাপতির বিরুদ্ধে। এতে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা।
সরেজমিনে রবিবার উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড মধ্য চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের ওই স্কুলের পার্শ্ববর্তী রফিক মাতাব্বরের বাড়ির উঠানে খোলা আকাশের নিচে শিক্ষকরা ক্লাস করাচ্ছেন। এতে পাঠদানসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে স্কুলটির।
চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. জিসান, সাকিব, সেলিনা ও তৃতীয় শ্রেণির তানহা জানায়, গত ২৭ আগস্ট বিদ্যালয়ে এসে দেখি স্কুল ঘরটিসহ আসবাবপত্র উধাও, এরপর শিক্ষকরা আমাদেরকে দোকানের সামনে বসিয়ে পরীক্ষা নেন। পরর্বতীতে পরীক্ষা শেষ হলে আমাদেরকে শিক্ষকরা বিভিন্ন জায়গায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসিয়ে পাঠদান করাচ্ছেন। আমাদের মাটিতে বসে কষ্ট করে ক্লাস করতে হয়।
মধ্য চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ২০০৬ সালে চরমানিকা ইউনিয়নের চর আইচা গ্রামে অস্টেলিয়ান সংস্থার আর্থয়ানে মধ্য চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর ৫ জন শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ওই বিদ্যালয় এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে কো-ইড স্কুলের জায়গায় সাইক্লোন শেল্টার নির্মাণ হলে ওইখানে শিক্ষার্থীদের পাঠদান চালু রাখার কথা থাকলেও কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বশির উল্লাহ মিয়া ওই সাইক্লোন শেল্টারে নতুন করে পূর্ব চর আইচা আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় চালু করেন। এনিয়ে দুই স্কুলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এবং বশির উল্লাহ মিয়ার প্রতিষ্ঠিত নতুন স্কুলটিতে শিক্ষার্থীশুন্য থাকায় আমাদের শিক্ষার্থীদের ভাগিয়ে নিতে গত শুক্রবার ভোররাতে স্থানীয় প্রভাবশালী বশির উল্লাহ মিয়ার নেতৃত্বে বিদ্যালয়ের টিনসেট ঘরটি ভেঙে গুড়িয়ে গায়েব করে দেন। এতে আমরা শিক্ষার্থীদের নিয়ে বিপদে পড়েছি। বর্তমানে রাস্তাঘাটে এবং মানুষের বাড়িতে পাঠদান চালিয়ে যাচ্ছি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) আবুল মতিন খান জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
