নয় মাসে রেজাল্ট কেন প্রশ্ন আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার সুযোগ চেয়ে তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের ফলে আজিমপুর-সাইন্সল্যাব রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এসময় শিক্ষার্থীরা ‘নয় মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই’ ‘ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না’, ‘এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাও’, ‘সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে’ সহ প্রমোশনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনের অংশ নেওয়ার শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা তৈরি করেছে। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এই দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনকে নিতে হবে। সাত কলেজের সক্ষমতা না থাকা এবং নানামুখী সংকটের পরও বিশ্ববিদ্যালয় জোর করে সিজিপিএ শর্ত চাপিয়ে দিয়েছে।

এ বিষয়ে আন্দোলনকারী ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।

মূলত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ নীতিমালার শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেতে অবরোধ, প্রেসক্লাবে অনশনসহ বিভিন্নভাবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সাত কলেজের স্নাতকের (২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.